ইরানের পেট্রোকেমিক্যাল অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

ইরানের পেট্রোকেমিক্যাল অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

ইরানের খুজেস্তান প্রদেশের একাধিক পেট্রোকেমিক্যাল স্থাপনায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাদেশিক কর্মকর্তারা এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন, তবে হতাহতের তথ্য সীমিত রয়েছে।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

2026-04-04

ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী মাহশাহরের বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে হামলা চালিয়েছে।

ভ্যালিওল্লাহ হায়াতির তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রাদেশিক রাজধানী আহভাজের পূর্ব ও পশ্চিমে তিনটি বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কিছুক্ষণ পর, সকাল ১০টা ৪৭ মিনিটে মাহশাহরের পেট্রোকেমিক্যাল কারখানায় আরও তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ওই কর্মকর্তা আরও জানান, ফজর ১, ফজর ২, রেজাল ও আমির কবির পেট্রোকেমিক্যাল কারখানা হামলার শিকার হয়েছে। হতাহতের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।

এছাড়া বেলা ১১টার দিকে খোররামশাহরের শলামচেহ সীমান্ত বাণিজ্য টার্মিনালে হামলা চালানো হয় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমানগুলো এরপর আবু আলী পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হানে। পরে তারা বন্দর-ই ইমাম খোমেনি স্থাপনায় হামলা চালিয়ে আংশিক ক্ষতি করে।

এখন পর্যন্ত মাহশাহর ও বন্দর-ই ইমাম খোমেনিতে হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কমান্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই এলাকার সব কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সেখান থেকে নির্গত কোনো ক্ষতিকারক পদার্থ বর্তমানে পার্শ্ববর্তী শহরগুলোর জন্য হুমকি নয়।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *